বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের অথৈ নীল জলরাশির মাঝে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ। এটি বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ। চারদিকে নীল সমুদ্র, নারকেলগাছের সারি, প্রবালসমৃদ্ধ উপকূল, জেলেদের জীবনযাত্রা এবং নিরিবিলি দ্বীপের পরিবেশ সব মিলিয়ে সেন্ট মার্টিনের সৌন্দর্য অবর্ননীয়। এটি বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্যের প্রাণকেন্দ্র। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রবাল, শামুক, ঝিনুক, শৈবাল, সামুদ্রিক প্রাণী মাছ এবং নানা প্রজাতির উদ্ভিদ। এই দ্বীপে প্রচুর পরিমাণে নারিকেল গাছ থাকাই এটিকে নারকেল জিঞ্জিরাও বলা হয়।
সেন্ট মার্টিন প্রতিবছর বহু দর্শনার্থী আকর্ষণ করে। এই দ্বীপের চারিদিকে রয়েছে অথৈ নীল জলরাশি এবং প্রচুর পরিমান সামুদ্রিক প্রবাল। এছাড়াও দ্বীপটিতে রয়েছে প্রচুর পরিমাণ নারকেল, কেয়া, কেওড়া, বাইন, সাগরলতাসহ বিভিন্ন ধরনের উদ্ভিদ। এছাড়াও এই দ্বীপ থেকে পশ্চিমের সূর্যাস্তের মনমুগ্ধকর দৃশ্য দেখা যায়। সেন্ট মার্টিনের সৌন্দর্যে অন্যতম আকর্ষণ ছেঁড়া দ্বীপ। যেটা জোয়ার ভাটায় মূল দ্বীপ থেকে আলাদা হয়ে যায়। এই নিবন্ধে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ, যাওয়ার উপায়, ভ্রমণের সঠিক সময়, দর্শনীয় স্থান, খাবার, থাকার ব্যবস্থা এবং প্রয়োজনীয় পরামর্শ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সেন্ট মার্টিনের অবস্থান ও আয়তন
সেন্ট মার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত একটি ছোট দ্বীপ। এটি বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব অংশে, বাংলাদেশের মূল ভূখণ্ডের দক্ষিণ প্রান্তের কাছে অবস্থিত। দ্বীপটি বাংলাদেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে দ্বীপটি ‘নারিকেল জিঞ্জিরা’ নামেও পরিচিত। সেন্ট মার্টিন দারুচিনি দ্বীপ নামেও পরিচিতি।
সেন্ট মার্টিনের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। এটি উত্তর এবং দক্ষিণ দিকে লম্বালম্বি ভাবে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে দ্বীপটির গড় উচ্চতা ৩.৬ মিটার। এটি তিনটি অংশে বিভক্ত উত্তর অংশকে বলা হয় নারকেল জিঞ্জিরা, দক্ষিণ অংশকে বলা হয় দক্ষিণপাড়া এবং দক্ষিণ-পূর্ব অংশ একটি সংকীর্ণ লেজের মতো। তাই এই সংকীর্ণ অংশকে বলা হয় গলাচিপা। দ্বীপের সর্ব দক্ষিণে রয়েছে ছেড়া দ্বীপ।এটি জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে।
সেন্ট মার্টিনের ইতিহাস ও ঐতিহ্য
সেন্ট মার্টিনে মানুষের পা প্রথম কবে পড়েছিল তা সঠিকভাবে জানা যায়নি। তবে মনে করা হয় কিছু আরব বণিক এই দ্বীপটি আবিষ্কার করেছিল। তারা চট্টগ্রাম থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যাওয়ার সময় দ্বীপটি আবিষ্কার করেছিল। ১৮৯০ খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায় এই দ্বীপটিতে বসতি স্থাপন শুরু করে মাছ ধরার জন্য। এরপর থেকে এই সেন্ট মার্টিনে মানুষের বসতি দিন দিন বেড়ে চলেছে।
সমুদ্রের মাঝে অবস্থিত হওয়ার কারণে এখানে মিঠা পানির খুবই অভাব ছিল। এজন্য এই দ্বীপের আদিবাসীরা এখানে প্রচুর পরিমাণ নারকেল গাছ রোপণ করে। তারপর থেকে এই দ্বীপের উত্তর বিভাগকে নারকেল জিঞ্জিরার নামেও ডাকা হতো। ১৯০০ খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ সরকার এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অধিভুক্ত করে এবং কোন খ্রিস্টানের নাম অনুসারে দীপ্তির নাম রাখা হয় সেন্ট মার্টিন।বর্তমানে সেন্ট মার্টিনে বাঙালি মুসলিম এবং রাখাইন সম্প্রদায়ের মানুষেরা বসবাস করছে। তাদের প্রধান পেশা হলো মৎস্যজীবী। এটি নানা প্রজাতির মাছ, উদ্ভিদ, কাকড়া এবং স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল।
সেন্ট মার্টিন ভ্রমণের সেরা সময়
সেন্ট মার্টিন ভ্রমণের ক্ষেত্রে আবহাওয়ার পাশাপাশি সরকারি পর্যটন অনুমতির বিষয়টিও প্রয়োজন। বছরের সব সময় পর্যটকদের জন্য দ্বীপটি উন্মুক্ত থাকে না। পরিবেশ সংরক্ষণ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকার নির্দিষ্ট পর্যটন মৌসুম ও ভ্রমণবিধি নির্ধারণ করে। সাধারণত শীতকাল সেন্ট মার্টিন ভ্রমণের জন্য আরামদায়ক ও উপোযোগী সময়। এ সময় আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকে এবং সমুদ্রযাত্রার পরিবেশও অনেক সময় অনুকূল থাকে।
সেন্ট মার্টিন কীভাবে যাবেন
সেন্ট মার্টিন যেতে হলে প্রথমে কক্সবাজার পৌঁছাতে হবে। এরপর অনুমোদিত পর্যটকবাহী জাহাজে সমুদ্রপথে দ্বীপে যাওয়া যায়।
ঢাকা থেকে কক্সবাজার
ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার কয়েকটি উপায় রয়েছে।
- বাস: ঢাকা থেকে সরাসরি কক্সবাজারগামী নন-এসি ও এসি বাস পাওয়া যায়। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার বাস গুলো হল সোহাগ, এস আলম, হানিফ, গ্রীনলাইন, সৌদিয়া। বাসের ধরন ভেদে ভাড়া ১০০০ থেকে ২৫০০ টাকার মধ্যে এবং সময় লাগে ৭ থেকে ৮ ঘন্টা।
- বিমান: দ্রুত পৌঁছাতে চাইলে ঢাকা থেকে কক্সবাজারের ফ্লাইট ব্যবহার করতে পারেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট পরিচালনা করে থাকে। এক্ষেত্রে সময় লাগে ৫৫ মিনিট থেকে ১ ঘন্টা ১৫ মিনিট।
- ট্রেন ও বাস: ঢাকা থেকে ট্রেনে করে সরাসরি কক্সবাজার যাওয়া যায় কক্সবাজার এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেস সরাসরি ঢাকা টু কক্সবাজার যায়। এছাড়াও ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে গিয়ে সেখান থেকে বাসে করে কক্সবাজার যাওয়া যায়।
যাত্রার আগে পরিবহন সংস্থার সময়সূচি ও ভাড়া যাচাই করে টিকিট বুক করা ভালো।
কক্সবাজার থেকে সেন্ট মার্টিন
কক্সবাজার থেকে নুনিয়া ছড়া বিআইডব্লিউটিএ ঘাটে যেতে হবে। কক্সবাজার থেকে দূরত্ব এর তিন কিলোমিটার। ইজিবাইক সিএনজি অটোরিকশা করে যাওয়া যায়।
কক্সবাজারের নির্ধারিত থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজে সেন্ট মার্টিন যাওয়া হয়। শুধু অনুমোদিত জাহাজের টিকিট সংগ্রহ করতে হবে। পর্যটন বোর্ডের নির্ধারিত ব্যবস্থায় ট্রাভেল পাস ও QR কোডযুক্ত টিকিটের বিষয়টিও যাচাই করতে হবে। জাহাজের যাত্রার সময় আবহাওয়া, সমুদ্রের অবস্থা ও পরিচালনাসূচির ওপর নির্ভর করে। যাওয়ার আগে থেকেই টিকিট কেটে রাখতে হয়।
জাহাজের মান ও ক্লাস অনুযায়ী ভাড়া বিভিন্ন হতে পারে। যাওয়া আসার ভাড়া সাড়ে তিন হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। কক্সবাজার থেকে প্রতিদিন সকাল ছয়টা থেকে দশটার মধ্যে জাহাজগুলো ছেড়ে যায় এবং সেন্ট মার্টিন থেকে বিকাল তিনটা থেকে ছয়টার মধ্যে জাহাজ ছাড়ে। কক্সবাজার থেকে সেন্টমার্টিন যেতে সময় লাগে পাঁচ থেকে সাত ঘন্টা।
বিশেষ সতর্কতা: কোনো অননুমোদিত নৌযান বা ব্যক্তিগত ব্যবস্থায় দ্বীপে যাওয়ার চেষ্টা করবেন না।
সেন্ট মার্টিনের দর্শনীয় স্থান ও আকর্ষণ
দ্বীপটির সৌন্দর্য শুধু একটি নির্দিষ্ট সৈকতে সীমাবদ্ধ নয়। বিভিন্ন উপকূলীয় এলাকা, স্থানীয় জনপদ এবং প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখলে সেন্ট মার্টিনের আলাদা রূপ উপলব্ধি করা যায়।
১. পশ্চিম সৈকত
সেন্ট মার্টিনের পশ্চিম উপকূল সূর্যাস্ত দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। বিকেলের শেষ আলো যখন সমুদ্রের পানিতে প্রতিফলিত হয়, তখন পুরো পরিবেশে এক ধরনের শান্ত সৌন্দর্য তৈরি হয়। এখানে কিছু সময় হাঁটাহাঁটি করতে পারেন, ঢেউয়ের শব্দ শুনতে পারেন এবং সমুদ্রের পরিবর্তনশীল রং উপভোগ করতে পারেন। তবে প্রবাল বা সামুদ্রিক প্রাণীর ক্ষতি হয় এমন কোনো কাজ করা উচিত নয়।
২. পূর্ব সৈকত
পূর্ব উপকূলে স্থানীয় মানুষের জীবনযাত্রা, মাছ ধরার নৌকা এবং সমুদ্রনির্ভর জীবিকার নানা চিত্র দেখা যায়। পর্যটনকেন্দ্রের ব্যস্ততার বাইরে দ্বীপের স্থানীয় সংস্কৃতি সম্পর্কে ধারণা পেতে এই এলাকা ঘুরে দেখতে পারেন। সকালের দিকে জেলেদের মাছ ধরার প্রস্তুতি এবং উপকূলের প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণ করার সুযোগ পাওয়া যায়।
৩. ছেঁড়া দ্বীপ
সেন্ট মার্টিনের দক্ষিণে অবস্থিত ছেঁড়া দ্বীপ। এই ছেঁড়া দ্বীপের সৌন্দর্য উপভোগ না করলে সেন্ট মার্টিন ভ্রমন অসম্পূর্ণ থেকে যায়। পাথুরে উপকূল, প্রবালসমৃদ্ধ পরিবেশ এবং স্বচ্ছ পানির জন্য জায়গাটি আলাদা পরিচিতি পেয়েছে। জোয়ার-ভাটার কারণে এখানকার পানির উচ্চতা ও চলাচলের পরিস্থিতি পরিবর্তিত হয়। তাই স্থানীয় প্রশাসন ও অনুমোদিত কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া সেখানে যাওয়া উচিত নয়।
প্রবালের ওপর হাঁটা, প্রবাল সংগ্রহ করা কিংবা সামুদ্রিক প্রাণী ধরে ছবি তোলা থেকে বিরত থাকুন।
৪. নারকেলগাছের সারি
দ্বীপের বিভিন্ন এলাকায় সারিবদ্ধ নারকেলগাছ দেখা যায়। সমুদ্রের বাতাসের সঙ্গে গাছের পাতার নড়াচড়া এবং আশপাশের গ্রামীণ পরিবেশ দ্বীপটিকে আলাদা সৌন্দর্য দান করেছে।এখানে হাঁটাহাঁটি করলে দ্বীপের প্রকৃতি ও স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন কাছ থেকে দেখার সুযোগ পাবেন।
৫. স্থানীয় জেলেপাড়া
সেন্ট মার্টিনের মানুষের একটি বড় অংশ মাছ ধরা, সামুদ্রিক সম্পদ এবং পর্যটননির্ভর জীবিকার সাথে জড়িত। জেলেপাড়ায় গেলে তাদের জীবনযাত্রা, মাছ ধরার সরঞ্জাম এবং দ্বীপের স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জানা যায়। স্থানীয় মানুষের ছবি তুলতে চাইলে আগে অনুমতি নেওয়া উচিত।
সেন্ট মার্টিনের বিখ্যাত খাবার
সেন্ট মার্টিন ভ্রমণের অন্যতম আকর্ষণ হলো সামুদ্রিক খাবার। স্থানীয় বাজার ও রেস্তোরাঁয় বিভিন্ন ধরনের মাছ এবং সামুদ্রিক খাবার পাওয়া যেতে পারে।
১. সামুদ্রিক মাছের ভুনা
সেন্ট মার্টিনে নানা প্রজাতি সামুদ্রিক মাছ পাওয়া যায়। এর মধ্যে সবচাইতে সুস্বাদু মাছ হল সুন্দরী পোয়া, ইলিশ, কোরাল, লবস্টার, কালাচাঁদা, রূপচাঁদা। এই সামুদ্রিক মাছ খুবই সুস্বাদু। স্থানীয় রন্ধন প্রণালী ও বিভিন্ন মসলা দিয়ে এই মাছগুলো রান্না করা হয়। ফলে মাছগুলো স্বাদ বহুগুণ বেড়ে যায়। তাই সেন্ট মার্টিন খেলে অবশ্যই সামুদ্রিক মাছ ভুনা খেতে ভুলবেন না।
২. গ্রিলড মাছ
কোনো কোনো রেস্তোরাঁয় বিভিন্ন ধরনের মাছ গ্রিল করে পরিবেশন করা হয়। বিভিন্ন প্রজাতের মাছ এভাবে গ্রিলড করে রান্না করা হয়। ফলে মাছের স্বাদ খুবই মজাদার হয়।মাছের ধরন ও প্রাপ্যতা অনুযায়ী দাম নির্ধারিত হয়।
৩. চিংড়ির ও কাকড়া
সেন্ট মার্টিনে নানা প্রজাতির চিংড়ি ও লবস্টার পাওয়া যায়। এগুলো অত্যান্ত সুস্বাদু ও জনপ্রিয়। এই চিংড়ি ও লবস্টার স্থানীয় খাদ্য সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ উপাদান। পর্যাটকদের কাছে এগুলো খুবই জনপ্রিয় তাই। সেন্ট মার্টিন খেলে অবশ্যই চিংড়ি অফিসার খেতে ভুলবেন না। এছাড়াও সেন্ট মার্টিনে না প্রজাতির কাকড়া পাওয়া যায় যেগুলো অত্যন্ত সুস্বাদু।
৪. নারকেলের পানি
সেন্ট মার্টিনে বহু নারীকেল গাছ রয়েছে যে কারণে একে নারিকেল জিঞ্জিরা বলা হয়। সেন্ট মার্টিনের বহু জায়গায় ডাব পাওয়া যায়। যা ক্লান্ত শরীরকে অচিরেই সতেজ করে তোলে।
খাবার কেনার আগে দাম, পরিমাণ ও খাবারের সতেজতা সম্পর্কে জেনে নেওয়া ভালো। সামুদ্রিক প্রাণীর সংরক্ষিত বা নিষিদ্ধ প্রজাতি দিয়ে তৈরি খাবার এড়িয়ে চলুন।
সেন্ট মার্টিনে কোথায় থাকবেন
দ্বীপে বিভিন্ন ধরনের হোটেল, গেস্টহাউস, কটেজ ও পর্যটক আবাসন রয়েছে। তবে থাকার ব্যবস্থা কক্সবাজারের মতো বিস্তৃত নয়। পর্যটন মৌসুমে চাহিদা বেশি থাকায় আগে থেকে বুকিং করা সুবিধাজনক। সেন্ট মার্টিনের অন্যতম কয়েকটি রিসোর্ট হল ব্লু মেরিন রিসোর্ট, নীল দিগন্ত রিসোর্ট, দ্য আটলান্টিক রিসোর্ট, ড্রিম নাইট রিসোর্ট, প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট, প্রিন্স হেভেন রিসোর্ট। থাকার জায়গা বাছাই করার সময় কয়েকটি বিষয় বিবেচনা করুন:
- আবাসনের অবস্থান ও সমুদ্রসৈকত থেকে দূরত্ব।
- নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা।
- বিদ্যুৎ ও জরুরি আলোর ব্যবস্থা।
- অগ্নিনিরাপত্তা ও জরুরি বহির্গমন ব্যবস্থা।
- খাবার ও বিশুদ্ধ পানির সুবিধা।
- বুকিংয়ের শর্ত ও অতিরিক্ত চার্জ।
সেন্ট মার্টিনে খাবেন কোথায়
সেন্ট মার্টিনে সাধারণত দুই জায়গায় খাওয়া যায়। প্রথমত আপনি যে রিসোর্টে থাকবেন তার সাথে খাওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের মাছ এবং বারবিকিউ ছাড়া সব ধরনের খাবার রয়েছে। বাইরেও অনেক হোটেল রয়েছে আপনি চাইলে সেখানেও খেতে পারবেন।তবে খাবারে আগে অবশ্যই দাম ঠিক করে নিবেন।
সেন্ট মার্টিন ভ্রমণে কত টাকা খরচ হবে
সেন্ট মার্টিন ভ্রমণের খরচ নির্ভর করে যাত্রার স্থান, পরিবহন, জাহাজের টিকিট, আবাসন, খাবার এবং ভ্রমণের দিনের সংখ্যার ওপর। খরচের প্রধান খাতগুলো হলো:
| খরচের খাত | কীসের ওপর নির্ভর করবে |
| ঢাকা-কক্সবাজার যাতায়াত | বাস বা বিমানের ভাড়া |
| কক্সবাজারে থাকা | হোটেলের ধরন |
| জাহাজের টিকিট | জাহাজ ও আসনের শ্রেণি |
| দ্বীপে আবাসন | কটেজ বা হোটেল |
| খাবার | খাবারের ধরন ও পরিমাণ |
| স্থানীয় যাতায়াত | প্রয়োজনীয় পরিবহন |
| অন্যান্য | ব্যক্তিগত কেনাকাটা ও জরুরি খরচ |
নির্দিষ্ট ভাড়া পরিবর্তনশীল হওয়ায় বুকিংয়ের আগে পরিবহন ও আবাসন কর্তৃপক্ষের কাছ থেকে বর্তমান মূল্য জেনে নিন। অপ্রয়োজনীয় খরচ এড়াতে ভ্রমণের আগে একটি বাজেট তৈরি করুন।
সেন্ট মার্টিন ভ্রমণে যা যা সঙ্গে নেবেন
ভ্রমণকে স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকে গুছিয়ে নিন।
- জাতীয় পরিচয়পত্র বা প্রয়োজনীয় পরিচয়পত্র।
- জাহাজের বৈধ টিকিট ও ট্রাভেল পাস।
- প্রয়োজনীয় নগদ টাকা।
- ব্যক্তিগত ওষুধ ও প্রাথমিক চিকিৎসার সামগ্রী।
- সানস্ক্রিন ও সানগ্লাস।
- আরামদায়ক পোশাক ও স্যান্ডেল।
- মোবাইল ফোন, চার্জার ও পাওয়ার ব্যাংক।
- পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল।
- প্রয়োজনীয় ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রী।
সেন্ট মার্টিন ভ্রমণে যেসব নিয়ম অবশ্যই মানবেন
সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার জন্য সরকার বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। পর্যটক হিসেবে এগুলো মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১. অনুমোদিত জাহাজ ও বৈধ QR কোডযুক্ত টিকিট ব্যবহার করুন।
২. নির্ধারিত ট্রাভেল পাস সংগ্রহ করুন।
৩. সৈকতে উচ্চ শব্দ, রাতের আলো এবং নিষিদ্ধ বারবিকিউ আয়োজন থেকে বিরত থাকুন।
৪. প্রবাল, শামুক, ঝিনুক, কাঁকড়া ও অন্যান্য সামুদ্রিক প্রাণী সংগ্রহ করবেন না।
৫. কেয়াবনে প্রবেশ এবং কেয়া ফল সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা মেনে চলুন।
৬. সৈকতে মোটরসাইকেল, সি-বাইক ও অন্যান্য মোটরচালিত যান ব্যবহার করবেন না।
৭. একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমান এবং বর্জ্য নির্ধারিত স্থানে ফেলুন।
৮. সামুদ্রিক কচ্ছপ, পাখি ও অন্যান্য প্রাণীকে বিরক্ত করবেন না।
৯. স্থানীয় বাসিন্দা ও তাদের সম্পত্তির প্রতি সম্মান দেখান।
এই নিয়মগুলো শুধু প্রশাসনিক বাধ্যবাধকতা নয়; দ্বীপের ভবিষ্যৎ রক্ষার জন্যও প্রয়োজনীয়।
সেন্ট মার্টিন ভ্রমণের জন্য কিছু কার্যকর পরামর্শ
প্রথমবার দ্বীপে গেলে কয়েকটি বিষয় আগে থেকে মাথায় রাখুন।
আবহাওয়ার পূর্বাভাস দেখুন: সমুদ্র উত্তাল থাকলে জাহাজ চলাচল বন্ধ বা পরিবর্তিত হতে পারে। তাই যাত্রার আগে আবহাওয়ার খবর ও জাহাজ কর্তৃপক্ষের নির্দেশনা যাচাই করুন।
আগে থেকে বুকিং করুন: পর্যটন মৌসুমে জাহাজের টিকিট ও থাকার জায়গা সহজে পাওয়া নাও যেতে পারে।
অতিরিক্ত নগদ রাখুন: দ্বীপে সব জায়গায় কার্ড বা ডিজিটাল পেমেন্টের সুবিধা নাও থাকতে পারে।
প্রবাল থেকে দূরে থাকুন: প্রবাল দেখতে সুন্দর হলেও এগুলো জীবন্ত সামুদ্রিক বাস্তুতন্ত্রের অংশ। এগুলোর ওপর হাঁটা বা ভাঙা পরিবেশের ক্ষতি করে।
ভ্রমণের সময় হাতে রাখুন: শুধু ছবি তোলার জন্য তাড়াহুড়া না করে দ্বীপের প্রকৃতি, স্থানীয় মানুষের জীবন এবং পরিবেশ উপভোগ করুন।
পরিশেষে
সেন্ট মার্টিন বাংলাদেশের এমন একটি প্রাকৃতিক সম্পদ, যার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব। দ্বীপের নীল জলরাশি, প্রবালসমৃদ্ধ উপকূল, নারকেলগাছ এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা একজন ভ্রমণকারীকে নতুন অভিজ্ঞতা দিতে পারে। সচেতনভাবে ভ্রমণ করলে সেন্ট মার্টিন আপনার স্মৃতিতে একটি সুন্দর ও অর্থবহ অভিজ্ঞতা হয়ে থাকবে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. সেন্ট মার্টিন কোথায় অবস্থিত?
সেন্ট মার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত বঙ্গোপসাগরের একটি দ্বীপ।
২. সেন্ট মার্টিন যাওয়ার সেরা সময় কোনটি?
সরকার অনুমোদিত পর্যটন মৌসুমের মধ্যে শীতকাল সাধারণত আরামদায়ক। তবে নির্দিষ্ট ভ্রমণের তারিখ ও রাতযাপনের নিয়ম আগে যাচাই করতে হবে।
৩. ঢাকা থেকে সেন্ট মার্টিন কীভাবে যাব?
প্রথমে বাস, বিমান অথবা অন্যান্য পরিবহনে কক্সবাজার যেতে হবে। এরপর অনুমোদিত জাহাজে দ্বীপে যাওয়া যায়।
৪. সেন্ট মার্টিনে রাতযাপন করা যায় কি?
এটি সংশ্লিষ্ট পর্যটন মৌসুমের সরকারি নির্দেশনার ওপর নির্ভর করে। ২০২৬–২৭ মৌসুমের জন্য প্রকাশিত সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ভ্রমণের অনুমোদিত সময় ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত।
৫. সেন্ট মার্টিনের আরেক নাম কী?
স্থানীয়ভাবে সেন্ট মার্টিন দ্বীপ নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত।
আরো পড়ুন
- কাপ্তাই লেক-ইতিহাস, কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, কোথায় থাকবেন
- কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ গাইড। ইতিহাস, যাওয়া ও খাওয়ার উপায়, ট্যুর প্লান
- কেওক্রাডং ভ্রমণ গাইড: কিভাবে যাবেন, কোথায় থাকবেন, বিস্তারিত তথ্য
- মাউন্ট এভারেস্ট ভ্রমণ গাইড | উচ্চতা, অবস্থান ও ইতিহাস
- আগ্রার তাজমহল ভ্রমণ গাইড: ইতিহাস, যাতায়াত, খরচ ও ভ্রমণ টিপস
- গোপালগঞ্জের বিখ্যাত খাবার কি এবং সেগুলো কোথায় পাওয়া যায়
- বগুড়ার বিখ্যাত খাবার: দই, মিষ্টি ও ঐতিহ্যবাহী খাবার, কোথায় খাবেন
- শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি কুষ্টিয়া ভ্রমণ: ইতিহাস, দর্শনীয় স্থান, যাতায়াত, টিকিট
- খুলনার বিখ্যাত খাবার: চুইঝাল, চিংড়ি ও ঐতিহ্যবাহী খাবার, কোথায় স্বাদ নিবেন



